অনিক ইসলাম, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:০৭, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১১, ৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় জড়ো হন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেন। এক পর্যায়ে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে লিংক রোডের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি জলকামান ও সাঁজোয়া যান (এপিসি) নিয়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে জানান, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন, শ্রমিক আমজাদ হোসেন কামালসহ নিহত শ্রমিকদের হত্যার বিচার, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শ্রম আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শ্রমিকেরা সড়ক থেকে সরে দাঁড়ান। বিকেল ৫টার দিকে লিংক রোডে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান অব্যাহত থাকে।
শীর্ষ সংবাদ: