রোয়াংছড়ি (বান্দরবান)
প্রকাশ: ২১:৪৭, ১৪ নভেম্বর ২০২৬
বান্দরবানের রোয়াংছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পূর্ববর্তী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বেসরকারি সংস্থা পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বিডি৫০৩-এর উদ্যোগে প্রকল্পের মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রকল্পের অন্তর্ভুক্ত শিশু, পরীক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
প্রকল্পের সমাজ উন্নয়ন কর্মী রেমসামময় বমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা ও মংচসিং মারমা, রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কান্তি দাশ ও রোয়ালকিম বম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি, নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা ও ভালো ফল অর্জনের কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে পূর্ববর্তী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন অতিথিরা।