ময়মনসিংহ (সদর) প্রতিনিধি
প্রকাশ: ০২:২৪, ১৬ নভেম্বর ২০২৬
নিহত মো. সুরুজ্জামান নগরীর ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। তিনি মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার প্রায় ১০ মিনিট আগে সুরুজ্জামানের সঙ্গে তার বড় ভাইয়ের দেখা হয়। পরে তিনি মুজিব মার্কেট থেকে ছোট মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় সুরুজ্জামানের ছোট মেয়েও সঙ্গে ছিল। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, বালুর ব্যবসা নিয়ে দূরসম্পর্কের আত্মীয় জাহাঙ্গীর ও মেহেদী গংয়ের সঙ্গে সুরুজ্জামানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জাহাঙ্গীর ও তার অনুসারীরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে জাহাঙ্গীর নিজেই ওই বালুর ব্যবসা পরিচালনা করতো। বর্তমানে ব্যবসাটি সুরুজ্জামান পরিচালনা করছিলেন। এ বিরোধের জের ধরে জাহাঙ্গীর ও মেহেদীর অনুসারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।
সুরুজ্জামানের মৃত্যুর খবর পেয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রুকন দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান।
এদিকে, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে রাত ১২টার দিকে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।