গাজীপুরের গাছায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ২০:১৭, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরের গাছায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশের এক শ্বাসরুদ্ধকর ও দুঃসাহসিক অভিযানে মাদকের এক বিশাল চালানসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। (১৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছার কলমেশ্বর আক্কাস আলী মার্কেট সংলগ্ন ফরমান আলীর বাড়ির চতুর্থ তলায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। 

এ সময় পুলিশ ৪৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি  মো. আলী হোসেন ওরফে রজ্জব (৪৪) এবং তার ছোট স্ত্রী মোসাম্মদ সাবিনা বেগমকে (৩৮) গ্রেপ্তার করে।

এদিকে এই চাঞ্চল্যকর গ্রেপ্তারের ঘটনার মধ্য দিয়ে বেরিয়ে এসেছে মাদক সাম্রাজ্যের এক বিশাল নেটওয়ার্ক।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রজ্জব আলী অত্যন্ত সুচতুরভাবে তার কাছে থাকা ইয়াবার বিশাল চালানটি টয়লেটের ভেন্টিলেটর দিয়ে বাড়ির পেছনের দিকে ফেলে দেয়। চার তলা থেকে নিচে ময়লার স্তূপে পড়ে ইয়াবাগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। কিন্তু পুলিশের চৌকস দল তাৎক্ষণিকভাবে বিষয়টি আঁচ করতে পেরে নিচে গিয়ে তল্লাশি চালায় এবং ৪৮০০ পিস ইয়াবা সাদৃশ্য বস্তু উদ্ধার করতে সক্ষম হয়। এই চালানটি মূলত যশোরের উদ্দেশ্যে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছিল। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রজ্জব আলী স্বীকার করেছে যে, সেদিন বিকালেই সে ময়মনসিংহে ইয়াবার আরেকটি বড় চালান পাঠিয়েছে, যার কারণে তার কাছে ইয়াবার পরিমাণ অপেক্ষাকৃত কম ছিল।গ্রেপ্তারের পর রজ্জব আলীর মাদক ব্যবসার যে দেশব্যাপী নেটওয়ার্কের তথ্য বেরিয়ে এসেছে, তা রীতিমতো শিউরে ওঠার মতো।

জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার এই মরণনেশা সরাসরি এসে পৌঁছায় ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থানরত বাবুল ও টুটুল নামের দুই চিহ্নিত মাদক কারবারির হাতে। সেখান থেকে অত্যন্ত সুকৌশলে এই ইয়াবা চলে আসে রজ্জবের গাছার ভাড়া বাসায়। এরপর রজ্জব ও তার স্ত্রী সাবিনা মিলে এই মাদক দেশের বিভিন্ন জেলায় পাইকারি দামে সরবরাহ করে। রজ্জব আলীর পরিবার মূলত মাদকের একটি সংঘবদ্ধ চক্র। 

এ বিষয়ে গাছা থানার ওসি মো. গোলাম রব্বানী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মূল চক্র শনাক্তে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন