বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২০:৩২, ১৫ নভেম্বর ২০২৬
কলেজছাত্রকে মারধরের প্রতিবাদে আয়োজিত ওই মিছিলে হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করার অভিযোগ উঠেছে সবুজ ও তাঁর ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহাগ আকনের বিরুদ্ধে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে জেলা গোয়েন্দা পুলিশ দুই ভাইকে আটক করে। বর্তমানে তাঁরা কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রহমতপুর বিমানবন্দর মোড়ে কৃষি কলেজের দুই শিক্ষার্থীকে ইভ টিজিংয়ের অভিযোগে মারধর করছিলেন সোহাগ আকন। এ সময় ফামিন নামের এক কলেজছাত্র প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফামিনের বাবা হামিদুর রহমান হামিদের অভিযোগ, ছেলের ওপর হামলার প্রতিবাদে রাত ১১টার দিকে স্থানীয় লোকজন রহমতপুর ব্রিজ অবরোধ করে সোহাগের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেন। একপর্যায়ে রাত ১২টার দিকে সোহাগ তাঁর লোকজন নিয়ে মিছিলে হামলা চালান।
এ সময় পুলিশের সামনেই রামদা দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করা হয় বলে দাবি করেন তিনি।
আহতদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রফিকুল ইসলাম (৫০), পারুল বেগম (৪৫) ও রিংকন বেপারীকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হামিদুর রহমানের আরও অভিযোগ, ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন তাঁদের মামলা না করার পরামর্শ দিয়েছেন। উপজেলা বিএনপির সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে এ বিষয়ে বক্তব্য জানতে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, মারধরের শিকার ফামিন উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেনের ভাতিজা। এক তরুণীকে কেন্দ্র করে তাঁকে মারধরের ঘটনা ঘটেছে। তাঁদের অভিযোগ, এ ঘটনায় সোহাগকে রক্ষায় সমঝোতার চেষ্টা চলছে।
বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মেয়েঘটিত বিরোধের কথা জানা গেলেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সোহাগ ও সবুজকে আটক করা হয়েছে। পরে বিমানবন্দর থানা থেকে তাঁদের কোতোয়ালি মডেল থানায় পাঠানো হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি মনিরুল ইসলাম।
সবুজ আকনের বিরুদ্ধে এর আগে করা একটি ধর্ষণ মামলায় তদন্ত শেষে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশ। মামলাটিতে তাঁর বিরুদ্ধে স্ত্রীর বোনের মেয়েকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় সবুজ আকনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সবুজ আকনের স্ত্রী গর্ভবতী থাকাকালে তাঁর দেখাশোনার জন্য স্ত্রীর বোনের মেয়েকে বাসায় রাখা হয়। ওই সুযোগে সবুজ কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ করা হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের ২১ আগস্ট বরিশাল নগরীর একটি ভাড়া বাসায় নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে। ঘটনা প্রকাশ না করতে ভুক্তভোগী ও তাঁর মাকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
মামলাটির তদন্ত প্রথমে কাউনিয়া থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেনের কাছে থাকলেও পরবর্তী সময়ে তদন্তের দায়িত্ব পান ডিবি পুলিশের উপপরিদর্শক গাজী অহিদুল ইসলাম অহিদ। তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শফিকুল ইসলাম জানান, চলতি সপ্তাহেই আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন।
একদিকে কিশোরী ধর্ষণের অভিযোগে করা মামলায় ডিবির তদন্তে অভিযুক্ত হয়ে আদালতে চার্জশিটভুক্ত হওয়া, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচিতে হামলার অভিযোগে নতুন করে আটক—সবুজ আকনকে ঘিরে বরিশালের রাজনৈতিক ও স্থানীয় অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।