কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।
এসআরবি-১৫ জানায়, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টহল ডিউটিতে থাকা অবস্থায় সকাল ৬টা ১০ মিনিটের দিকে টেকনাফ শাপলা চত্বরে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে, ২ নম্বর ওয়ার্ডের নুরুল হুদার বসতঘরে ইয়াবা মজুত করা হয়েছে। পরে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পশ্চিম পাশের কক্ষের সানসেডের ওপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটিতে থাকা নয়টি প্যাকেট থেকে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত মো. ছিদ্দিকের কাছ থেকে একটি কালো রঙের সিম্ফোনি বাটন মোবাইল ফোন এবং মো. ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি-১৫ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।