নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার (২৮ সেপ্টেম্বর) ৮ লক্ষাধিক সদস্য প্রকৌশলীর পক্ষে সংগঠনটির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর এই দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ডিপ্লোমাধারীদের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং (স্নাতক) ডিগ্রিধারীদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে, যা সরকারের বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের সরাসরি ব্যত্যয়।
আইডিইবি উল্লেখ করে, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-সম (বিধি-২) পদোন্নতি ২৭/৯৪-১৬৪ (তারিখ: ১৯/১১/১৯৯৪) এবং অর্থ মন্ত্রণালয়ের স্মারক (তারিখ: ০৩/১২/১৯৯৪) অনুযায়ী ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদসমূহ এককভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য নির্ধারিত। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ১৯৭৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সকল দপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ইউনিফর্ম পদবী প্রদানের সুস্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত দেশের ৮ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও ৪ লাখ শিক্ষার্থীকে ক্ষুব্ধ করেছে। অবিলম্বে বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিক সংশোধন করে উপ-সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ রেখে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ না করা হলে সমগ্র প্রকৌশল অঙ্গনে চরম অসন্তোষ সৃষ্টি হতে পারে।