মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি
প্রকাশ: ০০:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আসন্ন দুর্গাপূজার ছুটিতেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের ‘জব কর্নার’ খোলা রাখার দাবিতে গ্রন্থাগারিকের কাছে স্মারকলিপি দিয়েছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। ছুটির সময়ে বিসিএস, বিজেএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখতে তারা এ দাবি জানান।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খন্দকার আব্দুল মজিদের কাছে এ স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৮ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে অনেক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করে পড়াশোনা চালিয়ে যেতে চান। সামনে বিসিএস, বিজেএসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা থাকায় ছুটির সময়টিকে প্রস্তুতির কাজে লাগাতে চান তারা। এজন্য পূজার ছুটির দিনগুলোতে কেন্দ্রীয় গ্রন্থাগারের জব কর্নার অংশটি খোলা রাখার আবেদন জানানো হয়।
এ বিষয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রফিক বলেন, ‘পূজার অফিসিয়াল ছুটি মাত্র পাঁচ দিনের। এ সময়ে অনেক শিক্ষার্থী বাসায় না গিয়ে ক্যাম্পাসে অবস্থান করবেন। সামনে বিজেএস, বিসিএসসহ অনেক গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা রয়েছে। চাকরিপ্রত্যাশীরা এই সময়টাকে কাজে লাগাতে চান। জব কর্নারের শিক্ষার্থীদের সবার চাওয়ার প্রেক্ষিতে বন্ধের সময়টাতে জব কর্নারটি খোলা রাখা হলে আমাদের জন্য ভালো হবে। আমরা গ্রন্থাগারিকের কাছে স্মারকলিপি দিয়েছি এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করারও আশ্বাস দেওয়া হয়েছে।’
স্মারকলিপি গ্রহণের পর কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খন্দকার আব্দুল মজিদ বলেন, ‘পড়ালেখার প্রতি তোমাদের এ আগ্রহ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যেহেতু বিষয়টি প্রশাসনিক, বন্ধের মধ্যে অফিস খোলা রাখতে হলে মাননীয় উপাচার্য স্যারের অনুমতির প্রয়োজন। তোমাদের দাবিটি নিয়ে আমি মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে আলোচনা করব। স্যারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় উপাচার্য স্যার সব সময়ই শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির বিষয়ে ইতিবাচক।’