চট্টগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: ১০:৪৭, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৫, ৯ নভেম্বর ২০২৬
কাস্টমস সূত্র জানায়, ঢাকার যমুনা ফিউচার পার্কের লেভেল-৩-এর ব্লক-এ, শপ নম্বর 3C004A ঠিকানার ‘চায়না মার্ট’ নামের একটি প্রতিষ্ঠান চালানটির আমদানিকারক। গত ৯ আগস্ট চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আমদানি নথিতে পণ্য হিসেবে শুধু ‘প্রিন্টিং মেশিন’ উল্লেখ করা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ নভেম্বর সিআইসি ও কাস্টমসের এআইআর শাখার কর্মকর্তারা যৌথভাবে কন্টেইনারটি খুলে কায়িক পরীক্ষা করেন। এ সময় ঘোষণার সঙ্গে পণ্যের গরমিল পাওয়া যায়। কন্টেইনারের ভেতরে প্রিন্টিং মেশিনের পরিবর্তে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং অভিনব কৌশলে লুকানো জাল সিগারেটের স্ট্যাম্প উদ্ধার করা হয়।
কাস্টমসের হিসাব অনুযায়ী, জব্দ করা ৪০ লাখ ৮০ হাজার পিস স্ট্যাম্প নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। বর্তমানে বাজারে এ ধরনের এক প্যাকেট সিগারেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা। এর বিপরীতে সরকার রাজস্ব পায় ১০৬ টাকা ৬০ পয়সা। জাল স্ট্যাম্প ব্যবহার করে এসব সিগারেট বাজারজাত করা হলে সরকারের প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতো।
এ ছাড়া চালানে থাকা প্রসাধনী সামগ্রী থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার শুল্ক ফাঁকির তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে চালানটিতে সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ৪৬ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ জানান, এনবিআরের সিআইসি ও কাস্টমসের এআইআর শাখার যৌথ উদ্যোগে চালানটি আটক করে কায়িক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি শুল্ক-কর ফাঁকি ও অন্যান্য অপরাধের বিস্তারিত উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
তিনি জানান, আমদানি-রপ্তানি বাণিজ্যে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি এবং অবৈধ পণ্য বাজারজাতকরণ রোধে কাস্টমসের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।