মুহিব উদ্দিন চৌধুরী, লন্ডন:
প্রকাশ: ১০:১৫, ৫ নভেম্বর ২০২৬
এ উপলক্ষে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার লন্ডনের মেরিডিয়ান গ্র্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রকাশনাটির ২০২৬ সালের সংস্করণের মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান ও বর্ণাঢ্য গালা ডিনার।
বুধবার (৪ নভেম্বর) পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলা মিরর গ্রুপের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে প্রকাশনার দীর্ঘ পথচলা, এবারের আয়োজনের প্রস্তুতি এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অর্জন তুলে ধরেন আয়োজকেরা।
২০০৮ সালে যাত্রা শুরু করা ‘ব্রিটিশ বাংলাদেশি হুজহু’ যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সাফল্য ও অবদান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি, সমাজসেবা ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিদের পাশাপাশি উদীয়মান প্রতিভাদের জীবন ও কর্মের পরিচিতি নিয়মিত প্রকাশিত হচ্ছে এতে।
সংবাদ সম্মেলনে প্রকাশনাটির প্রতিষ্ঠাতা আব্দুল করিম গনি বলেন, ‘ব্রিটিশ বাংলাদেশি হুজহু এখন কমিউনিটির বার্ষিক আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সফল ও গুণী মানুষদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সামনে তাঁদের অনুপ্রেরণামূলক জীবনগাথা তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।’
তিনি বলেন, ‘খুব সাধারণ পরিসরে যাত্রা শুরু হলেও দীর্ঘ পথচলায় এটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি সর্বজনীন উদযাপনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমাদের কমিউনিটিতে অসংখ্য প্রতিভাবান ও সফল মানুষ রয়েছেন। তাঁদের অর্জন ও অবদানকে বৃহত্তর সমাজের সামনে তুলে ধরতে আমরা কাজ করে যাচ্ছি।’
আব্দুল করিম গনি আরও বলেন, ‘প্রকাশনাটির প্রতিটি সংস্করণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাফল্যের গল্প স্থান পেয়েছে। এর মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশিদের বহুমাত্রিক অর্জনের চিত্র ফুটে উঠেছে। আশা করি, এবারের সংস্করণও পাঠকদের কাছে সমাদৃত হবে।’
প্রকাশনাটির নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ বলেন, ‘১৭ বছরের পথচলায় ব্রিটিশ বাংলাদেশি হুজহু ক্রমেই সমৃদ্ধ হয়েছে। দীর্ঘ সময় পরও কমিউনিটির নতুন নতুন প্রতিভা ও সফল ব্যক্তিদের খুঁজে পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এবারের প্রকাশনায়ও এমন অনেক মানুষের জীবন ও অর্জনের গল্প তুলে ধরা হচ্ছে।’
তিনি বলেন, যুক্তরাজ্যের অন্যান্য দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর তুলনায় সংখ্যায় অপেক্ষাকৃত ছোট হলেও ব্রিটিশ বাংলাদেশিরা দেশটির অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, পেশাজীবী খাত ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশেষ করে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কারি শিল্পে বাংলাদেশিদের ভূমিকা উল্লেখযোগ্য।
সুহানা আহমেদ বলেন, ‘এসব অর্জন শুধু কমিউনিটির গৌরব নয়, বরং যুক্তরাজ্যের বহুসাংস্কৃতিক সমাজে ব্রিটিশ বাংলাদেশিদের অবস্থান ও অবদানেরও প্রতিফলন। এই সাফল্যের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্রিটিশ বাংলাদেশি হুজহু কাজ করছে।’
আয়োজকেরা জানান, প্রতিবছরের মতো এবারও প্রকাশনা উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, বিভিন্ন স্থানীয় কাউন্সিলের মেয়র, কাউন্সিলর, রাজনীতিবিদ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, পেশাজীবী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের কথা রয়েছে।
এবারের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রতিষ্ঠিত ব্যক্তিদের পাশাপাশি নতুন ও উদীয়মান প্রতিভাদেরও স্বীকৃতি দেওয়া হবে। অনুষ্ঠানে বেশ কয়েকটি বিশেষ সম্মাননা প্রদানের পরিকল্পনা রয়েছে।
আয়োজকেরা আরও জানান, ব্রিটিশ বাংলাদেশি হুজহু এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠান ও মহলের স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসও প্রতিষ্ঠানটির কার্যক্রমের স্বীকৃতি দিয়েছে।
সংবাদ সম্মেলনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
তাঁদের মধ্যে ছিলেন সৈয়দ নাহাস পাশা, ড. জাকি রেজওয়ানা আনোয়ার, মিছবাহ জামাল, তাজ চৌধুরী, মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, এনাম চৌধুরী, হাফসা নূর, রাজিব হাসান, মোস্তাক বাবুল, রহমত আলী, অধ্যক্ষ শাহেদ রাহমান, আয়শা চৌধুরী, কাউন্সিলর সৈয়দা চৌধুরী, নিকিতা মালানচান্দানি, জায়মাহর ট্রাস্টি ইমেন বাহা, এনার্জি সলিউশনের বদরুল আই সিদ্দিকী, এসিসি টেক্স কনসালটেন্সির প্রতিষ্ঠাতা তপন সাহা, স্কয়ার মাইল ইন্স্যুরেন্স সার্ভিসেসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জান নাইটস, ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ম্যানেজার ডেভিড রয়স্টন এবং সালাম প্যালেসের স্বত্বাধিকারী আবদুস সালাম শেখ।
এ ছাড়া মেরিডিয়ান গ্র্যান্ডের একজন পরিচালকও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ব্রিটিশ বাংলাদেশি হুজহুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহাদ আহমেদ, ব্যারিস্টার আনোয়ার মিয়া, ব্যারিস্টার নাদিয়া আলী, মোহাম্মদ আলী, ফারুক মিয়া এমবিই, হাফসা নূর ও শিহাব হুসেনসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রকাশনা উন্মোচন ও অ্যাওয়ার্ডস গালা ডিনারের প্রধান সহযোগী প্রতিষ্ঠান মেরিডিয়ান গ্র্যান্ড। অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে পার্ল অ্যাডভার্টাইজিং।
অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস টিভি, জি১০ ডিজাইন অ্যান্ড প্রিন্টার্স এবং অ্যামেজ মিডিয়া। অনুষ্ঠানের একমাত্র অফিসিয়াল চ্যারিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জায়মাহ।
অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হট টাব স্টোরস ইউকে, স্কয়ার মাইল ইন্স্যুরেন্স সার্ভিসেস, এসিসি টেক্স কনসালটেন্সি, এনার্জি সলিউশন, অ্যাপেক্স অ্যাকাউন্টেন্সি, ব্রিট বাজার, মিডনাইট গার্ডেন ও সালাম প্যালেস।
এ ছাড়া বিজ্ঞাপনদাতা ও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ওয়ার্ক পারমিট ক্লাউড, ভ্যানটেজ অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট, এম কিউ হাসান সলিসিটরস, মোর্তজা গ্রুপ, টাফস ফার্মেসি, প্রাইম এস্টেট এজেন্ট, এমএফজি এসো বিম সার্ভিস স্টেশন, কালাম সলিসিটরস, এম নাসির উদ্দিন অ্যান্ড পার্টনার্স, কিংডম সলিসিটরস, ইউরেশিয়া ফুড সার্ভিস, খুশিয়ারা ট্রাভেলস, মুকিম আহমেদ ও কারি লিফ।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বাংলা মিরর গ্রুপের পক্ষ থেকে দীর্ঘ ১৭ বছরের পথচলায় প্রকাশনাটির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এবারের প্রকাশনা ও সম্মাননা অনুষ্ঠান ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অর্জনকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।