নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি একজনের মৃত্যু হয়েছে রংপুর বিভাগে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫১৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৯২ জন।
সবশেষ তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ২৫২ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭, বরিশাল বিভাগে ২১১, চট্টগ্রাম বিভাগে ১৯২, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ১৯০, রাজশাহী বিভাগে ১০২, ময়মনসিংহে ৬৪, রংপুরে ৩৫ এবং সিলেট বিভাগে চারজন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু বিষয়ক সরকারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন মাস থেকে দেশে ডেঙ্গু পরিস্থিতির ধারাবাহিকভাবে অবনতি ঘটছে। জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হলেও জুলাইয়ে তা বেড়ে ৯ হাজার ২০৬ জন এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জনে দাঁড়ায়। তবে সেপ্টেম্বর মাসে এই সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। চলতি মাসের প্রথম ১৭ দিনেই ২২ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই ১৭ দিনেই প্রাণ হারিয়েছেন ৭৯ জন।
শীর্ষ সংবাদ: