আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২:০৮, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানায় সংবাদমাধ্যম ডন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ব্যাংককে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে পাকিস্তানের অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংকে দেশটির গভর্নর আহাদ খান চিমাকে পরবর্তী সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ সভায় যোগ দিয়েছেন বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনার জন্য ১৯১টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থনীতিনীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাসহ ১৫ হাজারের বেশি অংশগ্রহণকারী।
১৯৫৩ সালের পর প্রথমবারের মতো দেশটি এ দায়িত্ব পেতে যাচ্ছে।
পূর্ণাঙ্গ অধিবেশনের পর আহাদ খান চিমাকে চেয়ারম্যান পদের দায়িত্ব সম্পর্কে অবহিত করে বিশ্বব্যাংকের করপোরেট সচিবালয়। এ ছাড়া বিশ্বব্যাংক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারি আরাধনা কুমার-কাপুরের সঙ্গে দায়িত্ব পালনকালে প্রাতিষ্ঠানিক সহায়তা ও সমন্বয় নিয়ে আলোচনা করেন তিনি।
এ সময় প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও বিদায়ী সভাপতি কার্লোস কারভাল্লো স্পালডিংয়ের সঙ্গেও বৈঠক করেন চিমা।
দায়িত্ব পালন শেষ করায় স্পালডিংকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর নেতৃত্বের প্রশংসা করেন তিনি। আগামী বছরের অগ্রাধিকার ও সভাপতির দায়িত্ব নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।
বৈঠকগুলোতে চিমা উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব জোরদার, উন্নয়ন অর্থায়নে কার্যকারিতা ও পূর্বানুমানযোগ্যতা বৃদ্ধি, বহুপক্ষীয় উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে পাকিস্তানের অঙ্গীকার তুলে ধরেন।
মন্ত্রণালয় জানায়, বিশ্বব্যাংক গ্রুপ, আইএমএফ ও সদস্যদেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে গঠনমূলক সংলাপ এগিয়ে নেওয়া এবং আরও কার্যকর বহুপক্ষীয় উন্নয়ন ও আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান।
পাকিস্তান বর্তমানে আইএমএফের ৭ বিলিয়ন (৭০০ কোটি) ডলারের বর্ধিত তহবিল সুবিধা (ইএফএফ) এবং ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) ডলারের স্থিতিস্থাপকতা ও টেকসই তহবিলের (আরএসএফ) কর্মসূচির আওতায় আইএমএফের সঙ্গে যুক্ত রয়েছে।