কামরুল হাসান, কুড়িগ্রাম (নাগেশ্বরী)
প্রকাশ: ২১:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার (৩০ সেপ্টেম্বর) কুড়িগ্রামে এক দিনের সফরের শুরুতে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের সরকার হিসেবে বিএনপি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর। এ জন্য স্থানীয় প্রশাসন ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।
মীর শাহে আলম বলেন, “নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। সমস্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন, তাই করা হবে।”
তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ৬ জুনের মধ্যে নির্বাচনগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদের এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ওপর বিভিন্ন বিষয়ে দায় চাপানো বিরোধী দলের রাজনৈতিক দায়িত্বের অংশ। সরকার কোথায় ব্যর্থ হয়েছে, তা জনগণ বিবেচনা করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকার সচেতন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সংকট কিছুটা কমেছে। তবে গ্যাস ও বিদ্যুতের সমস্যার পূর্ণাঙ্গ সমাধানে আরও কিছু সময় প্রয়োজন হবে।
এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউজে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।