উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিনুকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৬, ২২ অক্টোবর ২০২৬

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিনুকে

উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁকে ঢাকায় আনা হয়।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করে জানান, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে রাজশাহী থেকে বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তাঁর পরবর্তী চিকিৎসা চলবে।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়।

এদিকে, ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে দেখতে হাসপাতালে যান।

নিজের সুস্থতা কামনায় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন