মাদক ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়ার আহ্বান ত্রাণমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৫, ১৫ নভেম্বর ২০২৬

মাদক ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়ার আহ্বান ত্রাণমন্ত্রীর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভালো পোশাক আর ভালো চেহারায় মানুষ ভালো হয় না। অপরাধ মুক্ত মানুষ ভালো মানুষ, প্রকৃত মানুষ। ​শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শুধু অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না। অবকাঠোর পাশাপাশি মানবিক উন্নয়ন ঘটলে প্রকৃত উন্নয়ন হবে এবং উন্নয়ন স্বার্থক হবে।

তিনি বলেন, সামাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাট সারাদেশে ছড়িয়ে দিতে ইতোমধ্যে অন্য জেলার জেলা প্রশাসকরা আমাদের জেলায় এসেছেন। এর লক্ষ্য ও কার্যক্রম দেখে তারা অভিভূত হয়ে তাদের জেলায় ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

তিনি আরও বলেন, টাকা দেখে মসজিদের সভাপতি করি কিন্তু তার টাকার উৎস খুঁজি না। এমন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। ঘুষের টাকা মাদকের টাকা দান করে বাহবা নিলেও জান্নাতে যাওয়া যাবে না। সামাজিকভাবে এসব বিশ্লেষণ করা দরকার। মাদক খাব নামাজ পড়ব তা এক সঙ্গে যায় না। তাই সমাজকে মাদকসহ সামাজিক অপরাধমুক্ত করতে হবে। 

মন্ত্রী বলেন, নিজের বিবেককে পাহারাদার বানান, তাহলে অপরাধে ধাবিত হবেন না। নিজের বিবেক সব চেয়ে বড় পাহারাদার। আলোকিত লালমনিরহাটের আন্দোলনে দুয়েকজন মাদকসেবী থাকতে পারে। যদি কেউ থেকে থাকেন তিনি যেন স্বেচ্ছায় ইস্তফা নেন।

নিকাহ রেজিস্টারদের সতর্ক করে মন্ত্রী বলেন, যৌতুকের বিয়ে আর বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ রেজিস্টার কাজিদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। সঠিক বয়স যাচাই বাছাই করে সঠিকভাবে বিয়ে রেজিস্ট্রি করে বিয়ের অনুষ্ঠানে বর কনের হাতে বিয়ের কাবিননামা বুঝিয়ে দিবে হবে। এর ব্যর্তয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আলোকিত লালমনিরহাটের আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলোকিত লালমনিরহাটের জেলা কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্য সচিব পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব প্রমুখ। 

সভা শেষে তিনি উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মাঝে ‘আলোকিত লালমনিরহাট’-এর বিশেষ পোশাক বিতরণ করেন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন