গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:১১, ১৫ নভেম্বর ২০২৬
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে উপজেলার পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। মহাসড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।
একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায়।
এদিকে কারখানা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিকেরা। এপেক্স হোল্ডিংয়ের শ্রমিক রহিম, মাহমুদা, আলেজ খাতুন, তুলি ও রফিক জানান, বেতনের দাবিতে আন্দোলন হলেও তাঁরা এখন কাজে ফিরতে চান। প্রতিদিন কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যেতে হচ্ছে। এভাবে কাজ বন্ধ থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ, কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। রোববার কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, তার সঠিক তথ্য এখনো তাঁদের কাছে আসেনি।
তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনেক কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে। জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে একের পর এক কারখানা বন্ধ হয়ে পড়ায় শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ও শ্রমিকদের জীবিকা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।