নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:২৩, ২০ নভেম্বর ২০২৬
তিনি বলেন, রেল, নৌ ও সড়ক যোগাযোগ এবং সেতু খাতের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প এরই মধ্যে নিয়েছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। যোগাযোগ বিটের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড’ (আরআরআর)-এর সদস্যদের তিন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘রেল, নৌ ও সড়ক যোগাযোগের ক্ষেত্রে এরই মধ্যে যেসব প্রকল্প আমরা নিয়েছি, সেগুলো যদি আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করতে পারি, যে ম্যান্ডেট আমাদের রয়েছে, তাতেই বাংলাদেশের যোগাযোগ খাতে আমূল পরিবর্তন হয়ে যাবে।’
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, এ প্রকল্পের জন্য তিনটি অপশন চূড়ান্ত করা হয়েছে। প্রথম অপশনে পুরো ১৩২ কিলোমিটার এলিভেটেড করার পরিকল্পনা ছিল। তবে বিস্তারিত পরিকল্পনা পর্যালোচনার পর দ্বিতীয় অপশনটি উপযুক্ত মনে হয়েছে। এতে প্রায় ৫৪ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাকি অংশ অ্যাট গ্রেডে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
শেখ রবিউল আলম বলেন, যেহেতু এক্সেস কন্ট্রোল হবে, শতভাগ এলিভেটেড করা হলে প্রকল্পটা খুব বেশি অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হয় না। তো দ্বিতীয়টা আমাদের কাছে উপযুক্ত মনে হয়েছে। আমরা এটা নিয়ে প্রাইম মিনিস্টারের কাছে যাব। তিনি সবকিছু জেনে-বুঝে যে সিদ্ধান্তটা দেবেন, আমার বিশ্বাস সেটা আমরা গ্রহণ করতে পারব।
তিনি বলেন, দ্বিতীয় অপশন অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়ন করা হলে এক বছরের মধ্যে কাজ শুরু করা সম্ভব হতে পারে। তবে পুরো ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে এলিভেটেড করতে হলে প্রকল্প শুরু করতে আরও বেশি সময় লাগতে পারে।
পদ্মা দ্বিতীয় সেতু প্রকল্প প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, এ প্রকল্পের অর্থায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। নির্বাচনি ইশতেহারেও এটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে ছিল। তবে প্রধানমন্ত্রীর অবগতির পর দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি শুরু করা হয়েছে। পাশাপাশি বিস্তারিত নকশা প্রণয়নের কাজেও মনোযোগ দেওয়া হয়েছে।
ঢাকা-কুমিল্লা কড লাইন প্রসঙ্গে তিনি বলেন, পুরো লাইন এলিভেটেড করার পরিকল্পনা রয়েছে। এতে ভূমি অধিগ্রহণ কম করতে হবে, জটিলতাও কম হবে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রকল্পটির ব্যয়ও তুলনামূলক সাশ্রয়ী বলে মনে করছেন তারা। তবে প্রকল্পটির ব্যয় প্রায় ৫৩ হাজার কোটি টাকা হতে পারে।
প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দীর্ঘ প্রক্রিয়ার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, একটি প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত থেকে বাস্তবায়ন পর্যায়ে যেতে এক থেকে দেড় বছর সময় লেগে যায়। এরপর বাস্তবায়নে আরও তিন থেকে চার বছর সময় প্রয়োজন হয়। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ে সক্ষমতার কিছু ঘাটতিও রয়েছে।
তিনি বলেন, এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো এবং আমাদের নির্বাচনি ইশতেহারের আলোকে যেসব প্রকল্প জনগণের জন্য জরুরি, বিশেষ করে অবকাঠামোর ক্ষেত্রে রেল, নৌ ও সড়ক যোগাযোগ এবং সেতু মন্ত্রণালয়ের অধীনে— সেগুলো আমরা এরই মধ্যে নিয়েছি। যে কয়টা প্রকল্পের কথা তুললেন, এর প্রত্যেকটাই গ্রহণ করা হয়েছে।
কোনো প্রকল্পের ডিপিপি প্রস্তুতের কাজ চলছে, কোনো প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। আবার কোনো প্রকল্পের ডিপিপি এরই মধ্যে প্রণয়ন করা হয়েছে। প্রকল্পগুলোর অর্থায়নের উৎস নির্ধারণ নিয়েও কাজ চলছে।
নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নয় মাসের অভিজ্ঞতায় আমি এবং প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট খাতের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন সম্পন্ন করতে পারলে যোগাযোগ ও অবকাঠামো খাতে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।
দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান কবির, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আসিফুর রহমান।
এছাড়া রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ারা হোসেন, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামসহ সংগঠন অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: