তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৪৯, ২১ নভেম্বর ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে লাল-সবুজের বাংলাদেশ এগিয়ে যাবে। ফ্যাসিবাদী শক্তি যত ষড়যন্ত্রই করুক, দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে শহিদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে সাহস, প্রতিবাদ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক অনন্য দৃষ্টান্ত। তার স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম কেবল একটি ক্রীড়া অবকাঠামো নয়, বরং নতুন প্রজন্মের কাছে সাহস ও প্রেরণার প্রতীক হয়ে থাকবে।

তিনি আশা প্রকাশ করেন, স্টেডিয়ামটি রংপুরের ক্রীড়াঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত স্টেডিয়ামটি দীর্ঘদিন রংপুর স্টেডিয়াম নামে পরিচিত ছিল। পরবর্তী সময়ে এর নাম পরিবর্তন করে শেখ রাসেল স্টেডিয়াম রাখা হয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে সেটির নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৬-এর সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।

এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্টেডিয়ামটির উদ্বোধনের মধ্য দিয়ে রংপুরের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার সূচনা হলো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আধুনিক ক্রীড়া পরিবেশ নিশ্চিত হলে এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে শহীদ আবু সাঈদের স্মৃতি ও আত্মত্যাগের চেতনা জাগরূক থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন