মাগুরায় পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ১০:৫৭, ৩০ আগস্ট ২০২৬

মাগুরায় পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

মাইক্রোবাসকে সড়কে জায়গা না দেওয়াকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় মারার ঘটনায় ভিডিও ধারণের অভিযোগে মাগুরা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুজ্জামান নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।

হামলার শিকার মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য ইমরান হোসেন বাদী হয়ে শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে সদর থানায় মামলা দায়ের করেন।

জানা গেছে, মামলায় সাবেক ছাত্রদল নেতা নাঈমুজ্জামান নয়নসহ এজাহারে নাম থাকা চারজন এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মাগুরা শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় মাগুরা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা নাঈমুজ্জামান নয়ন পুলিশ সদস্য ইমরান হোসেনকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

১ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলের ওপর বসে থাকা পুলিশ সদস্য ইমরান হোসেনকে দুই পুলিশ কর্মকর্তার উপস্থিতিতেই চড়-থাপ্পড় মারছেন নয়ন। একই সঙ্গে নিজের মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করতে দেখা যায় তাঁকে।

এর আগে নয়ন মাইক্রোবাস স্ট্যান্ড এলাকার লোকজনকে সেখানে জড়ো হওয়ার আহ্বান জানান। এরপর পুলিশ সদস্য ইমরানের মোটরসাইকেলের চাবি নিয়ে নেন তিনি।

এ সময় ঘটনাচক্রে সেখানে থাকা মাগুরা সদর থানার এএসআই শরিফুল ও এএসআই মাসুদ নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে চাবি নিতে বাধা দেন। তখন নয়নের সঙ্গে থাকা মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ওই দুই এএসআইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মোটরসাইকেলে বসে থাকা ইমরানকে পরপর জোরে দুটি থাপ্পড় মারেন নয়ন।

ঘটনার খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় নাঈমুজ্জামান নয়নকে সদর থানায় নিয়ে যাওয়া হয়। তবে কিছুক্ষণ পর মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ বিভিন্ন নেতাকর্মী থানায় এসে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান বলে জানা গেছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার দুপুরে অভিযুক্ত নয়নকে আটক করে সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের হাতে আটকের আগে নাঈমুজ্জামান নয়ন বলেন, ঠিকাদারি কাজ শেষ করে বাড়ি ফেরার সময় শহরের ঢাকা রোডের কাঁচাবাজার এলাকায় যানজটে পড়ি। সামনে থাকা পুলিশ সদস্যকে একাধিকবার হর্ন দেওয়ার পরও তিনি সাইড দেননি। এ নিয়ে তাঁর সঙ্গে তর্ক হয়। তিনি খারাপ শব্দ ব্যবহার করায় তাঁর মোটরসাইকেলের চাবি নিয়ে একটি থাপ্পড় দিতে বাধ্য হয়েছি।

মাগুরা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার নাঈমুজ্জামান নয়নকে আদালতে হাজির করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশ অভিযান চালাচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন