অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি মিল্টনের

মোঃ ডাবলু মিয়া, গাবতলী (বগুড়া)

প্রকাশ: ১৮:১৮, ২৪ অক্টোবর ২০২৬

অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি মিল্টনের

অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।

তিনি বলেছেন, “হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ শুধু সহায়তা নয়, বরং দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর একটি মহৎ প্রচেষ্টা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করা সম্ভব।”

শনিবার (২৩ অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলার পূর্বপাড়া গ্রামে ডাঃ রউফ ফাউন্ডেশনের উদ্যোগে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় এমপি মোরশেদ মিল্টন আরও বলেন, “আমি বিশ্বাস করি, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; বরং তাঁরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাঁদের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ সৃষ্টি করা আমাদের নৈতিক দায়িত্ব। একইভাবে, সেলাই মেশিনের মাধ্যমে অসচ্ছল নারীরা কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং নিজেদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন।”

তিনি বলেন, “আমি চাই, বগুড়া-৭ আসনের প্রতিটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ সম্মানের সঙ্গে বেঁচে থাকুক। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আসুন, সবাই মিলে একটি মানবিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন গাবতলী গড়ে তুলি।”

অনুষ্ঠানে ডাঃ রউফ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫টি হুইলচেয়ার এবং ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। হুইলচেয়ারগুলো প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের চলাফেরার সুবিধা নিশ্চিত করতে এবং সেলাই মেশিনগুলো অসচ্ছল নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তার লক্ষ্যে প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবাইদুর রহমান জ্যাক, উপজেলা যুবদলের জনি ও শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাবেক সহসভাপতি সেলিম, কলেজ ছাত্রদলের সভাপতি মিলন, উপজেলা জিয়া পরিষদের সহসভাপতি শফিকুল ইসলাম ভুট্টো, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অলক চৌধুরী, পৌর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে প্রতিবন্ধী ব্যক্তি ও অসচ্ছল নারীরা সমাজে সম্মানের সঙ্গে জীবনযাপন এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। তাঁরা ডাঃ রউফ ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন