গাজীপুরে শ্রমিকদের জন্য হচ্ছে ৬টি বিশেষায়িত হাসপাতাল: এমপি রনি

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশ: ২০:৪৩, ১৩ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিকদের জন্য হচ্ছে ৬টি বিশেষায়িত হাসপাতাল: এমপি রনি

গাজীপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) এম. মঞ্জুরুল করিম রনি। এর মধ্যে প্রথমে টঙ্গীতে ১০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী টঙ্গীতে এই হাসপাতাল করার ঘোষণা দিয়েছেন। এছাড়া শ্রমিকদের আরো সুযোগ সুবিধা প্রদানের জন্য কাজ করছে বর্তমান সরকার।

শুক্রবার দুপুরে টঙ্গী পাগাড় এলাকায় একটি কারখানায় পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শ্রমিকদের মাঝে প্রতিকেজি ৩০ টাকা দরে দশকেজি করে চাল দেওয়া হবে। গাজীপুরের বিভিন্নস্থানে ৮টি পয়েন্টে, পরে ত্রিশটি পয়েন্টে চলবে এ কার্যক্রম। 

মঞ্জুরুল করিম রনি বলেন, একটি চক্র বিদেশে বসে এখনো ষড়যন্ত্র করছে, গার্মেন্টস শিল্প ধ্বংস করার পাঁয়তারা করছে। ষড়্‌যন্ত্রকারীরা বসে নেই, বিভিন্নভাবে এমনকি ফেসবুকে শ্রমিকদের উসকানি দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। তারা প্রথম টার্গেট হিসেবে গার্মেন্টস শিল্প বেছে নিয়েছে। 

তিনি বলেন, একজন শ্রমিক কারখানায় আগুন দিতে পারেন না। যার জীবন-জীবিকার নির্বাহের উৎস এই কারখানা, সেই কারখানায় কেউ ভাঙচুর কিংবা আগুন দিতে পারেন না। এটা পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকারের সমর্থকরাই করছে। দেশ ও দেশের মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে। 

গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শফি আফজালুল আলমে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জাবেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন। 

উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম,স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা শেষে শ্রমিকদের মাঝে চাল তুলে দেন এমপি রনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন