স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:৫৭, ১২ নভেম্বর ২০২৬
আইপিএলের ২০২৭ মৌসুমের জন্য মিনি নিলামে নাম লেখানো অপর ছয় বাংলাদেশি ক্রিকেটার হলেন- নাহিদ রানা, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম।
গত মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজ দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৬ সালের ৩ জানুয়ারি ‘সাম্প্রতিক পরিস্থিতির’ কথা উল্লেখ করে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। যদিও এর সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি তারা। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনকে এর পেছনের কারণ বলে ধারণা করা হয়। ঘটনাটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বিসিসিআইয়ের বিরোধ তৈরি হয়।
এরপর ৪ জানুয়ারি নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করে আইসিসির কাছে আবেদন জানায় বিসিবি। তবে নিজেদের নিরাপত্তা মূল্যায়নের পর সেই অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসি। শেষ পর্যন্ত ভারতে খেলতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। ২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানায় আইসিসি।
এবারের নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রে সেই ঘটনার প্রভাব পড়তে পারে বলে মনে করছে ক্রিকেটবিশ্ব। মোস্তাফিজকে নিয়ে আগের অভিজ্ঞতার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন করে কোনো জটিলতায় জড়াতে চাইবে কি না, সেটিই বড় প্রশ্ন।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের ২০২৭ মৌসুমের মিনি নিলাম। এর আগের দিন ১৫ ডিসেম্বর হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্রিফিং। এক দিনের এই নিলামে দলগুলো নতুন মৌসুমের আগে নিজেদের স্কোয়াডের ঘাটতি পূরণের চেষ্টা করবে।