৫ কোটি টাকার স্টেডিয়ামে খেলা যায় না, নিম্নমানের কাজের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি:

প্রকাশ: ২০:৫৯, ১৩ নভেম্বর ২০২৬

৫ কোটি টাকার স্টেডিয়ামে খেলা যায় না, নিম্নমানের কাজের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণ এবং মাঠ সংস্কারের কাজ সঠিকভাবে না করেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে উপজেলা প্রশাসন স্টেডিয়াম মাঠটি হস্তান্তর নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন এলাকার ক্রীড়ামোদীরা।

জানা গেছে, যুব ও ক্রীড়া উন্নয়ন পরিষদ এবং জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে ৫ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে পুঠিয়ায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ই-ইঞ্জিনিয়ারিং লিঃ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ করেছে।

ক্রীড়াবিদদের অভিযোগ, নির্মাণকাজের শুরু থেকেই স্টেডিয়ামের অবকাঠামোর কাজগুলো সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে করেছে। নির্মাণের নতুন অবস্থায়ই স্টেডিয়ামের বসার ৩টি গ্যালারির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছিল। তখন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে এলাকার ক্রীড়ামোদীরা জানিয়েছিলেন। তখন তারা তাঁদের কথায় কোনোরূপ গুরুত্ব দেয়নি এবং গ্যালারির নির্মাণকাজ শেষ করেছেন। দর্শকের গ্যালারিতে বসার চেয়ারগুলো নতুন অবস্থায়ই নড়বড়ে হয়ে পড়ে ছিল।

স্টেডিয়ামের কাজ ২০২৫ সালের জুন-জুলাইয়ের ভেতর নির্মাণকাজ শেষ করার কথা ছিল। ইতোমধ্যে গত ৪ নভেম্বর উপজেলা প্রশাসনের নিকট ঠিকাদারি প্রতিষ্ঠান স্টেডিয়ামটি হস্তান্তর করেছে।

সরেজমিনে গত ৮ নভেম্বর রোববার সকালে স্টেডিয়াম মাঠে গিয়ে দেখা গিয়েছে, কয়েকটি ছোট বাচ্চা স্টেডিয়ামের মাঠের পাশে মাঠ হতে উঁচু করে নির্মাণ করা পানি পারাপারের ড্রেনের ওপর ক্রিকেট খেলছে। তাদের অভিযোগ, মাঠে ক্রিকেট খেলা যাচ্ছে না। মাঠের বেশিরভাগ স্থানে উঁচু-নিচু হয়ে আছে। কারণ সঠিকভাবে মাটি ফেলা হয়নি এবং ক্রিকেট খেলার জন্য রোলার করা হয়নি। বর্তমানে মাঠে কোনো প্রকার খেলাধুলা করা সম্ভব হচ্ছে না।

সিয়াম হোসেন নামের স্টেডিয়াম এলাকার ক্রীড়ামোদী ব্যক্তি বলেন, উপজেলা প্রশাসন ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট হতে মাঠ হস্তান্তর করে নিলেন। কিন্তু নতুন স্টেডিয়াম মাঠে কোনো রকম খেলাধুলা করা যাচ্ছে না। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন এবং ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার দুইজন ব্যক্তি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার মাধ্যমে মাঠটি হস্তান্তর হয়েছে। এখনও মাঠ সংস্কার করতে আরও কয়েক লাখ টাকা লাগবে।

লিটন মাহাম্মুদ নামের ব্যক্তি বলেন, উপজেলা কর্তৃপক্ষ যদি তড়িঘড়ি করে মাঠ সংস্কার এবং খেলাধুলা শুরু না করতে পারে, তাহলে আগামী কয়েক মাসের ভেতর স্টেডিয়ামের গ্যালারির চেয়ারসহ স্টেডিয়ামের অনেক কিছুই নষ্ট ও চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবুল কাশেম নামের ব্যক্তি বলেন, সরকার কয়েক কোটি টাকা ব্যয় করে স্টেডিয়াম নির্মাণ করলেন। কিন্তু হস্তান্তরের পরও সকল প্রকার খেলাধুলা স্টেডিয়ামে হচ্ছে না। বর্তমানে বাধ্য হয়ে সরকারি পি.এন. হাই স্কুল মাঠে সকল প্রকার খেলাধুলা করতে হচ্ছে। নতুন স্টেডিয়াম হলেও পুঠিয়াবাসী নতুন মাঠে খেলাধুলা দেখা উপভোগ করতে পারছেন না। এদিকে ক্রীড়াবিদদের নতুন স্টেডিয়ামে খেলাধুলা করার ভীষণ ইচ্ছা ও উদ্দীপনা আছে।

এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, আমার একার সিদ্ধান্তে স্টেডিয়াম হস্তান্তর হয়নি। উপজেলা পরিষদের ক্রীড়া কমিটির কয়েকজন সদস্য মিলেই স্টেডিয়ামটি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট হতে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন