আনোয়ারুল ইসলাম রনি, রংপুর
প্রকাশ: ১৭:৩১, ২৭ জুলাই ২০২৬
তিনি বলেন, রংপুরের অগ্রগতির স্বার্থে ক্ষুদ্র রাজনৈতিক বিভাজন থেকে বেরিয়ে এসে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ঠিকাদারির ওপর নির্ভর না করে উৎপাদনমুখী বিনিয়োগে এগিয়ে আসতে হবে। বর্তমানে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং উদ্যোক্তাদের সহায়তায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।
পল্লী উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গ্রামীণ উন্নয়ন কেবল সড়ক নির্মাণ কিংবা বিদ্যুৎ সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। কৃষকের আয় বৃদ্ধি না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি জানান, কৃষির উন্নয়নে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। একই সঙ্গে রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
শিক্ষিত বেকার তরুণদের দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই চলবে না, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বাড়াতে হবে। এতে বিদেশে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে কুমিল্লা ও সিলেট অঞ্চলের মানুষের উপস্থিতি বেশি হলেও রংপুর অঞ্চলের মানুষের অংশগ্রহণ তুলনামূলক কম। তাই দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ২০২২ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন এর কার্যক্রম শুরু হয়নি। সম্প্রতি পরিচালক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল নিয়োগ, কৃষকদের প্রশিক্ষণ এবং নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে সকালে রংপুর নগরীর টার্মিনাল মৎস্য আড়ত এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন করেন এবং সেখানে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: