বেরোবিতে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত কয়েকজন

আনোয়ারুল ইসলাম রনি  রংপুর

প্রকাশ: ২২:৪৪, ৩ আগস্ট ২০২৬

বেরোবিতে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত কয়েকজন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রশিবিরের দিনব্যাপী আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদর্শনীতে প্রদর্শিত একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড (জুডিশিয়াল কিলিং) সংক্রান্ত ছবি নিয়ে ছাত্রদলের আপত্তির জেরে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেই উত্তেজনা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ব্যবহারের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে ছাত্রশিবিরের দাবি, প্রদর্শনীতে প্রদর্শিত কোনো ছবি নিয়ে আপত্তি থাকলে তা আলোচনার মাধ্যমে অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে সমাধান করা যেত। তবে কথা বলার একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তারা।

সংঘর্ষের পর ক্যাম্পাসে কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। অন্যদিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন