মোঃ রাকিব হাসান, পঞ্চগড়
প্রকাশ: ১৬:৫৪, ১৬ আগস্ট ২০২৬
দণ্ডপ্রাপ্তরা হলেন—জসিম উদ্দিন (৩২), আব্দুস সালাম (৩০) ও নুরুন্নবী (৩০)। জসিম উদ্দিন তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি এলাকার মৃত মজিবর রহমানের ছেলে, আব্দুস সালাম দেবনগর এলাকার মুসলিমের ছেলে এবং নুরুন্নবী জাবরিদুয়ার এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জের দেওয়া তথ্যের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মোঃ দুলাল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই তিন ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটকের সময় জসিম উদ্দিনের কাছ থেকে হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আব্দুস সালামের কাছ থেকে কাগজসহ প্রায় ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫০০ টাকা। অপরদিকে নুরুন্নবীর কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০০ টাকা।
আটকের পর শনিবার (১৫ আগস্ট ২০২৬) তিনজনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও তিন দিন করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের সেবন, কেনাবেচা ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে তেঁতুলিয়ায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।