নাগেশ্বরীতে অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

কামরুল হাসান: (কুড়িগ্রাম)

প্রকাশ: ১০:৫২, ১৭ আগস্ট ২০২৬

নাগেশ্বরীতে অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করেছে পুলিশ। গত ১৬ আগস্ট রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুলসংলগ্ন ফজলুর রহমান ওরফে ফজলু চেয়ারম্যানের বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলাম (৩৫)-এর বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই দুই স্থান থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ কাপড় জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২৬৮ পিস থান কাপড়। প্রতিটি থান কাপড়ের দৈর্ঘ্য ১২ মিটার হিসেবে মোট ৩ হাজার ২১৬ মিটার কাপড় জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, জব্দকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

এ ঘটনায় চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নাগেশ্বরী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলায় নির্দিষ্ট কয়েকজনের পাশাপাশি কয়েকজন অজ্ঞাতনামা সীমান্ত চোরাকারবারিকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযান প্রসঙ্গে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কুড়িগ্রামের পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের এমন অভিযানে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন