‎পাঁচবিবিতে অটোভ্যান চালকের মরদেহ, হত্যার আশঙ্কা

‎আরিফুল ইসলাম, জয়পুরহাট

প্রকাশ: ১৩:৩৮, ১৪ অক্টোবর ২০২৬

‎পাঁচবিবিতে অটোভ্যান চালকের মরদেহ, হত্যার আশঙ্কা

‎জীবিকার তাগিদে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন সাখাওয়াত হোসেন (২৫)। কিন্তু রাতে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। পরদিন সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি সেতুর পাশে চায়ের দোকানের পেছনে পাওয়া গেল তাঁর রক্তাক্ত মরদেহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উচাই পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে একটি চায়ের টংঘরের পেছন থেকে সাখাওয়াতের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অটোভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

সাখাওয়াত উপজেলার আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
‎
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ ভাইয়ের ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে সংসারের জীবিকা নির্বাহ করতেন সাখাওয়াত। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভাড়া খাটানোর জন্য অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। তাঁর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি তাঁরা। ফোনটি বন্ধ থাকায় উদ্বেগ আরও বাড়ে।
‎
‎এরপর বুধবার সকালে ব্রিজসংলগ্ন একটি চায়ের দোকানের পেছনে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। মরদেহটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
‎
‎পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন