চরভদ্রাসনে পূজামণ্ডপের পাশে মাদক বিক্রি, সাংবাদিক দেখে পালাল কারবারিরা

​চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

প্রকাশ: ১০:২১, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:২৪, ২০ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে পূজামণ্ডপের পাশে মাদক বিক্রি, সাংবাদিক দেখে পালাল কারবারিরা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজার সংলগ্ন বিন্দুডাঙ্গী গ্রামে দুর্গাপূজা চলাকালে মাদক বিক্রি ও সেবনকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। সোমবার রাতে স্থানীয় মাদক প্রতিরোধ কমিটির তোপের মুখে এবং সাংবাদিকদের উপস্থিতিতে ধস্তাধস্তি করে পালিয়ে যায় দুই মাদক কারবারি ও তাদের সহযোগীরা।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও পরিবেশ পর্যবেক্ষণ করতে সোমবার রাতে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়। দলটি বিন্দুডাঙ্গী গ্রামে পৌঁছালে স্থানীয় একটি পূজামণ্ডপের অদূরে বিশৃঙ্খলা ও ধস্তাধস্তির দৃশ্য চোখে পড়ে।

​স্থানীয়রা জানান, দুর্গাপূজার সুযোগ নিয়ে এলাকায় একটি সক্রিয় চক্র বাড়ি বাড়ি গিয়ে মাদক বিক্রি ও সরবরাহ করছিল। সোমবার রাতে বিন্দুডাঙ্গী পূজামণ্ডপের পাশে দুই মাদক কারবারি সরাসরি মাদক বিক্রি এবং কয়েকজন মাদকসেবীর সঙ্গে বসে তা সেবন করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় ‘মাদক নির্মূল কমিটি’র সদস্যরা তাদের হাতেনাতে ধরে ফেলে এবং আটকে রাখার চেষ্টা চালায়। এ সময় মাদক কারবারি ও সেবনকারীরা কমিটির সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। একপর্যায়ে সাংবাদিকদের গাড়ির আলো ও উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

​পরবর্তীতে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্য ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তারা অভিযোগ করে বলেন, উৎসবকে ঘিরে এলাকায় একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জাল বিস্তারের চেষ্টা করছে। যুবসমাজকে রক্ষা ও পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা নিজেদের উদ্যোগে মাদক প্রতিরোধে নামেন।

​এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং চিহ্নিত মাদক কারবারিদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন বিন্দুডাঙ্গী গ্রামের সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন