জেলা প্রতিনিধি, নীলফামারী:
প্রকাশ: ১৩:৫৯, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে বিমানবন্দর থেকে বাসযোগে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পথে তিনি বাস থেকে সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রংপুরের ধর্মসভা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।
রাজশাহীতে পৌঁছে দুপুর সাড়ে ১২টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।