রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ১৬:০৩, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:০৯, ২০ অক্টোবর ২০২৬
সোমবার (১৯ অক্টোবর) রাতে ৬৪ বিজিবির অধীন টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট ও উখিয়ার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
বিজিবির মিডিয়া ব্রিফিং সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে হোয়াইক্যং চেকপোস্টে একটি ডাবল কেবিন পিকআপে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। চট্ট মেট্রো-ঠ ১১-০৩০৯ নম্বরের পিকআপটি টেকনাফের মৌলভীবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। পরে গাড়িটির পেছনের সিট কভারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
অন্যদিকে, রাত ৯টার দিকে উখিয়ার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উলুবুনিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় অ্যাম্বুশ পরিচালনা করে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ অভিযানে শাকিল (২২) নামে এক যুবকসহ তিনজনকে আটক করা হয়েছে। শাকিল টেকনাফ-উখিয়া সীমান্ত এলাকার মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
৬৪ বিজিবি আরও জানায়, চলতি বছরে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা ও সদস্যদের পেশাদারিত্বের মাধ্যমে প্রায় ১ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ২৩৮ জন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিরা যত বড় সিন্ডিকেট বা অভিনব কৌশলই গ্রহণ করুক না কেন, তাদের আইনের আওতায় আনতে বিজিবি বদ্ধপরিকর।
এদিকে, টেকনাফ ও উখিয়া এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।