মোঃ ডাবলু মিয়া, গাবতলী (বগুড়া)
প্রকাশ: ১৫:৫৮, ২১ অক্টোবর ২০২৬
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে যাওয়ার সময় ওই যুবক ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছবি দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গাবতলী উপজেলার কামারচট গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ কামারচট গ্রামের মৃত শাহিনুর প্রামাণিকের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাদিয়াদ হুসাইনের বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারায় বগুড়া সদর ও গাবতলী থানায় মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনের দুটি মামলায় অভিযোগপত্র দাখিলের তথ্য রয়েছে। অন্য দুটি মামলায় তদন্তকালে তাঁকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় এর আগে গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক সেবন এবং বার্মিজ চাকুসহ গ্রেপ্তারের তথ্যও পুলিশের বক্তব্যে উঠে এসেছে।
তবে সাতমাথায় স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে নতুন কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে ঘটনার পরবর্তী অগ্রগতি জানা যাবে।