উত্তরায় ‘দে লাড়া’ গ্যাংয়ের প্রধান পিচ্চি সানি গ্রেপ্তার 

জুবায়ের আলম সৈকত, ঢাকা 

প্রকাশ: ১৯:০৩, ২২ অক্টোবর ২০২৬

উত্তরায় ‘দে লাড়া’ গ্যাংয়ের প্রধান পিচ্চি সানি গ্রেপ্তার 

রাজধানীর উত্তরায় কিশোর গ্যাং ‘দে লাড়া’র মূলহোতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সাকিব হাসান সানি (২৩), ওরফে পিচ্চি সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশি নথি অনুযায়ী, রাজধানীর তিনটি থানায় তার বিরুদ্ধে অন্তত সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।

পিচ্চি সানি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা শাখার সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-১।
এ ছাড়া, ২০২৪ সালের জুলাই-আগস্টে উত্তরার বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন দমনে সংঘটিত হামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের সংগঠিত করে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় তাকে অংশ নিতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।

উত্তরাকেন্দ্রিক কিশোর গ্যাং নেটওয়ার্কের মাধ্যমে পিচ্চি সানির বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জানা গেছে, ‘দে লাড়া’ গ্রুপের সদস্যদের তৎপরতা উত্তরার বিভিন্ন সেক্টর ছাড়িয়ে উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গী এলাকাতেও বিস্তৃত।

পুলিশ জানায়, চলতি বছরের ৩০ আগস্ট চার সহযোগীসহ উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় পিচ্চি সানি। এ সময় তার কাছ থেকে নগদ ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) 'অগ্রযাত্রা প্রতিদিন' কে বলেন,খালিদ মনসুর বলেন, পিচ্চি সানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি, উত্তরায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে পুলিশ সব সময় সতর্ক ও সক্রিয় রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন