মোঃ রাজিব হোসেন, মাগুরা
প্রকাশ: ১৯:১২, ২২ অক্টোবর ২০২৬
এর আগে, বুধবার রাত পৌনে ১২টার দিকে নিহত শাকের হোসেনের স্ত্রী শারমিন নাহার রুমা বাদী হয়ে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক শামীমা তাবাসসুম লুবনা মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডী গ্রামের লুৎফর রহমানের মেয়ে। অপর আটক ব্যক্তি রনি শিকদার মাগুরা পৌরসভার তাঁতিপাড়া এলাকার বীরেন্দ্রনাথ শিকদারের ছেলে। তিনি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শাকের হোসেন হত্যা মামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। রাজনৈতিক কারণে পরিকল্পিত হত্যাকাণ্ড, পরকীয়া, সোনা চোরাচালান ও জমি দখলসহ বিভিন্ন সম্ভাব্য বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
পুলিশ সুপার আরও জানান, আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২১ অক্টোবর) ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রয়েল এক্সপ্রেসের কাউন্টারে দায়িত্ব পালনকালে শাকের হোসেনকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এ হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।