বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল)

প্রকাশ: ১৯:১৭, ২২ অক্টোবর ২০২৬

বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অক্সিজেনের অভাবে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে মো. জামাল হোসেন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ। জামাল হোসেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

বানারীপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে ওই দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। এ সময় তারা অসুস্থ হয়ে পড়েন। পরে খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করেন।

পরে দ্রুত তাদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকেরা জামাল হোসেন ও সোহাগকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে কাজ করার সময় দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন