আরিফুল ইসলাম, জয়পুরহাট
প্রকাশ: ১৭:০৫, ২২ অক্টোবর ২০২৬
কথায় নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হবে—এমন বার্তা দিয়ে জয়পুরহাটের কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পৌর শহরের টিএনটি অফিসসংলগ্ন এলাকায় শুরু হওয়া এ অভিযানে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন তিনি।
অভিযান চলাকালে প্রতিমন্ত্রী বলেন, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কাজের প্রচার করা দোষের নয়। তবে প্রচারই যেন মূল উদ্দেশ্য হয়ে না দাঁড়ায়। কাজের সঙ্গে প্রচারের সমন্বয় থাকতে হবে। মানুষকে দেখানোর জন্য কাজ না করে, মানুষের উপকার হয়—এমন কাজকে অগ্রাধিকার দিতে হবে।
বেলা ১১টার দিকে শুরু হওয়া এ কার্যক্রম পরে টিএনটি মোড়সহ পৌর শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি কমাতে আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার বংশবিস্তারের উপযোগী স্থানগুলো পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্নতা কার্যক্রমকে সরকারি কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও ঢাকার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়; এ জন্য নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বাড়িঘর, অফিস, হাসপাতাল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে, যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে।
অভিযানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।
সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে উপজেলাজুড়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম নিয়মিত তদারকির পাশাপাশি সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।