লাকসামে ট্রেন লাইনচ্যুত: ফেনীর রেলওয়ে প্রকৌশলী বরখাস্ত

মোঃ আবুল কালাম, ফেনী

প্রকাশ: ১৬:৩০, ২২ অক্টোবর ২০২৬

লাকসামে ট্রেন লাইনচ্যুত: ফেনীর রেলওয়ে প্রকৌশলী বরখাস্ত

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ের ফেনীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারকে বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ এবং এ ঘটনায় অন্য কারও দায় রয়েছে কি না, তা বিস্তারিত উঠে আসবে।
এদিকে, দুর্ঘটনার পেছনে রেললাইনের মেরামতকাজের সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। ট্রেনটির লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেনের অভিযোগ, রেললাইনে মেরামতের কাজ চললেও তাঁকে এ বিষয়ে অবহিত করা হয়নি।
অন্যদিকে, কর্ণফুলী কমিউটার ট্রেনকে লাইন ক্লিয়ারেন্স পেপার দেওয়া নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল হোসেনও রেললাইনে মেরামতকাজ চলার বিষয়ে কোনো তথ্য পাননি বলে দাবি করেছেন।
এর আগে বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসামের নাওটি স্টেশনের আউটারে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হয়।
রেলওয়ে কর্তৃপক্ষের তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন