বাজিতপুরে পুকুর আছে পাড় নেই, ধসে পড়ার শঙ্কায় সরকারি রাস্তা

জাহাঙ্গীর আলম, বাজিতপুর (কিশোরগঞ্জ)

প্রকাশ: ১৭:০৫, ২৭ অক্টোবর ২০২৬

বাজিতপুরে পুকুর আছে পাড় নেই, ধসে পড়ার শঙ্কায় সরকারি রাস্তা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে পুকুরের পাড় না থাকায় মাটি ভাঙনের ঝুঁকিতে রয়েছে সরকারি পাকা রাস্তা ও আশপাশের বসতবাড়ি। এতে প্রতিদিন চলাচলকারী প্রায় পাঁচ হাজার মানুষের যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পুকুরের পাড় নির্মাণ ও মাটি ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ২৫ অক্টোবর বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নাছরীন আক্তারের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয়দের পক্ষে খন্দকার মাহমুদুল হাসান।

আবেদনে উল্লেখ করা হয়, মোল্লাপাড়া গ্রামে সরকারি পাকা রাস্তা ও এর পাশের সাইডওয়ালের একদিকে পুকুর এবং অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের বসতবাড়ি রয়েছে। পুকুরের পূর্ব ও পশ্চিম পাশে যথাযথ পাড় না থাকায় মাটি ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। এতে সরকারি রাস্তা, সাইডওয়াল ও আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

আবেদনে পুকুরে মাছ চাষের সঙ্গে জড়িত হিসেবে মোহন মিয়া, সুমন মিয়া, সোহাগ মিয়া ও খাইরুল মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুকুরের পাড় যথাযথভাবে নির্মাণ ও সংরক্ষণ না করায় রাস্তার পাশের মাটি ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় দ্রুত পুকুরের পাড় নির্মাণ করে মাটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসী জানান, পুকুরের মালিকদের সঙ্গে তাঁদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তবে পুকুরের পাড় যথাযথভাবে নির্মাণ না করায় সরকারি রাস্তা ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ুক, তা তাঁরা চান না। তাঁদের দাবি, পুকুরের মালিকেরা নিজ উদ্যোগে পাড় নির্মাণ ও মাটি ভাঙন রোধের ব্যবস্থা নিলে সরকারি রাস্তা এবং জনসাধারণের চলাচল নিরাপদ রাখা সম্ভব হবে।

এ বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নাছরীন আক্তার বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন