দুই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ডেভিড ইমন

মো. দিদারুল ইসলাম, চট্টগ্রাম

প্রকাশ: ১৯:০৯, ২৮ অক্টোবর ২০২৬

দুই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত দুটি হত্যা মামলায় কথিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথক শুনানি শেষে এ আদেশ দেন। এর মধ্যে বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩০ মার্চ রাতে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ আল রিফাত নিহত হন। আহত হন আরও দুজন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকিয়া পাড়া এলাকায় বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলিতে সরোয়ার হোসেন বাবলা নিহত হন। এ ঘটনায় তার বাবা আবদুল কাদের বাদি হয়ে হত্যা মামলা করেন। মামলায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ডেভিড ইমনও রয়েছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, তারা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাকে চট্টগ্রামে এনে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন