পিরোজপুরে এসআরবির অভিযানে আন্তঃজেলা ডাকাত সরদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩৯, ২৭ অক্টোবর ২০২৬

পিরোজপুরে এসআরবির অভিযানে আন্তঃজেলা ডাকাত সরদার গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের সরদার মো. ইয়াসিন খানকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, সিপিএসসি, বরিশাল। তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে মঠবাড়িয়া থানার বুদাইবাড়ী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইয়াসিন মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা মৃত হাফেজ খান ওরফে সোমেদ খান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের জানখালী বাজার এলাকার ব্যবসায়ী মো. শাহিন হাওলাদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৮ থেকে ৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাঁর বসতবাড়ি ও ভাই মো. সোহেল হাওলাদারের টিনশেড ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় ডাকাত দলের সদস্যরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে লোহার রড দিয়ে মারধর করে আলমারি ও বক্স ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোনসহ মোট ২০ লাখ ৪৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শাহিন হাওলাদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। ১৭ আগস্ট মামলাটি থানায় ১৪ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮, সিপিএসসি, বরিশালের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াসিন খানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পিরোজপুরের মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন