গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেসের দুই বগির সংযোগ বিচ্ছিন্ন

নূর মুহাম্মদ আজাদী, দক্ষিণ গফরগাঁও (ময়মনসিংহ)

প্রকাশ: ১৬:০৬, ২৭ অক্টোবর ২০২৬

গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেসের দুই বগির সংযোগ বিচ্ছিন্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে গফরগাঁও ও ধলা রেলস্টেশনের মধ্যবর্তী বড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ এম বাসার।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। পরে ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে ২৬৮/৭ কিলোমিটার এলাকায় হঠাৎ দুটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ১০১৪ ও ১০২৮ নম্বর বগি ট্রেনের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পেছনের দিকে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়।

বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এতে সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে ওই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনও সাময়িক বিঘ্নের মুখে পড়ে।
গফরগাঁও রেলওয়ে স্টেশনমাস্টার মো. হানিফ মিয়া বলেন, “তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও-ধলা রেলস্টেশনের কাছে পৌঁছালে দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রেন থামিয়ে দেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
তিনি আরও জানান, বিচ্ছিন্ন বগিগুলোর সংযোগ হুক মেরামতে রেলওয়ের কর্মীরা কাজ করেন। মেরামত শেষে ট্রেনটি পুনরায় দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

চলন্ত ট্রেনে বগির সংযোগ হুক ভেঙে যাওয়ার ঘটনায় রেলপথের নিরাপত্তা ও ট্রেনের যান্ত্রিক রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ ঘটনায় হুক ভাঙার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন