ময়মনসিংহে এসআরবির পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩৩, ২৭ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে এসআরবির পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার

ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে হত্যা ও অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪-এর সিপিএসসি, ময়মনসিংহ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যা মামলার আসামি রাব্বি হোসেন (৩২) ও অপহরণ মামলার প্রধান আসামি সুমন মিয়া (২৬)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এসআরবি-১৪-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ অক্টোবর দুপুরে ময়মনসিংহের কোতোয়ালি থানার আকুয়া উত্তরপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে সাদ্দাম হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেন আসামিরা। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি ৭ অক্টোবর দায়ের করা হয়।

ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে এসআরবি-১৪-এর সিপিএসসি, ময়মনসিংহ। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এসআরবি-১-এর সহায়তায় গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হত্যা মামলার এজাহারভুক্ত চতুর্থ আসামি রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়।

হালুয়াঘাটে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অন্যদিকে, ময়মনসিংহের হালুয়াঘাটে ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪-এর সিপিএসসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী শিশুটি মাদ্রাসায় যাতায়াতের পথে সুমন মিয়া তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। গত ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির বাড়ির কাছের রাস্তা থেকে সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক একটি অজ্ঞাত সিএনজিচালিত যানবাহনে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় শিশুটির বাবা হালুয়াঘাট থানায় মামলা করেন। ৬ সেপ্টেম্বর দায়ের করা মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় অভিযোগ আনা হয়। মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন।

পরে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় সুমনের অবস্থান শনাক্ত করে এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে হালুয়াঘাট থানার ধারাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন