গোদাগাড়ীতে এসআরবির অভিযানে ২ কেজি হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৩, ২৭ অক্টোবর ২০২৬

গোদাগাড়ীতে এসআরবির অভিযানে ২ কেজি হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। হেরোইনের মালিককে শনাক্ত করতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটসংলগ্ন পদ্মা নদীর তীর থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।

এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পদ্মা নদীর তীরে ঝোপের কাছে হেরোইনগুলো পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও এর মালিককে পাওয়া যায়নি। এ কারণে পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকার মাধ্যমে হেরোইনগুলো জব্দ করা হয়।

পরে উদ্ধার করা হেরোইনগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত কোনো ব্যক্তি কিংবা হেরোইনের মালিকের সন্ধান পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অনুসন্ধান এবং অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন