চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক ছিনতাই মামলার মূল আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৩, ২৭ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক ছিনতাই মামলার মূল আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজশাহীর দামকুড়া থানায় দায়ের করা চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূল আসামি মো. জাকির হোসেন জনি (৩২) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুজরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. সাজিদ শেখ (১৮) পেশায় একজন ইজিবাইকচালক। গ্রেপ্তার জাকির হোসেন জনি তাঁর পূর্বপরিচিত। বিভিন্ন পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহ করার কথা বলে জনি প্রতিদিন এক হাজার টাকা ভাড়ায় সাজিদের ইজিবাইক ভাড়া করতেন।

এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে সাজিদ তাঁর ইজিবাইক নিয়ে দামকুড়া বাজারে যান। সেখানে জনিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন তাঁকে পরিকল্পিতভাবে একটি খাবার হোটেলে নিয়ে যান। পরে খিচুড়ি ও চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁর ইজিবাইক ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানায় জনিসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে দস্যুতার মামলা করা হয়। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান।

পরে আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জাকির হোসেন জনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং এলাকার আশগর আলী টেপার ছেলে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন