কক্সবাজারে যাত্রীবাহী বাসে ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৯, ২৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে যাত্রীবাহী বাসে ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের লিংক রোড এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) রাতে কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মুহুরীপাড়া রেলক্রসিং-সংলগ্ন আলম মোটরসের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সেখানে নিয়মিত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করেন ব্যাটালিয়নের সদস্যরা। রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারগামী একটি স্টার লাইন এসি বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৮ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বান্দরবান সদর থানার কালাঘাটা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে সুলতান আহমদ (৬৪), কক্সবাজারের উখিয়া থানার থাইংখালী জামতলী এলাকার মফিজুর রহমান ও দিলুয়ারা বেগমের মেয়ে রাজিয়া বেগম (২৮) এবং ফেনীর সোনাগাজী থানার আড়কাইম এলাকার মৃত আলী আহমদের ছেলে নুরুল আমিন (৫০)।

এসআরবি-১৫ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে বাহিনীটি বলেছে, মাদক কারবারি ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও চলবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন