ঝালকাঠিতে মা ইলিশ রক্ষা অভিযান শেষে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪৯, ২৭ অক্টোবর ২০২৬

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষা অভিযান শেষে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া সংলগ্ন নদী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় জ্যেষ্ঠ সহকারী পরিচালকসহ ৭ জন আহত হয়েছেন। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে একটি স্পিডবোট ও একটি ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে ভোর ৪টা ২০ মিনিটে কুমারখালীর জাঙ্গালিয়া সংলগ্ন এলাকায় পৌঁছালে ১২টি নৌকায় আসা একদল ব্যক্তি তাদের গতিরোধ করে। এ সময় হামলাকারীদের হাতে রামদা ও লাঠিসোঁটা ছিল।

পরে তারা মৎস্য বিভাগের দলটির ওপর হামলা চালায়। এতে স্পিডবোট থেকে পড়ে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস আহত হন।

আহতরা হলেন জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপির হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, নৌকার মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা।

এ বিষয়ে মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে ব্রিফিং করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক।
তিনি বলেন, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল অভিযান শেষে ফিরছিল। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে ৭ জন আহত হয়েছেন।

হামলাকারীরা নৌকার চালক ও মাঝিকে মারধর করে রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে অংশ না নিতে হুমকি দেন এবং কান ধরে ওঠবস করান বলেও অভিযোগ করেন তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন