মোঃ ডাবলু মিয়া গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশ: ২০:১৪, ২৭ অক্টোবর ২০২৬
বগুড়ার গাবতলী উপজেলার পেরিরহাটে সার বিক্রির ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে খুচরা সার ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গাবতলীর পেরিরহাটে অবস্থিত মেসার্স সাথী ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স সাথী ট্রেডার্সের সার বিক্রির রেজিস্টার ত্রুটিপূর্ণ থাকা, দোকানে সারের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং সার যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়গুলো পরিলক্ষিত হয়। এসব অনিয়মের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মো. সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষি খাতে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা, নির্ধারিত নিয়মে সার বিক্রি এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে সার বিক্রির ক্ষেত্রে সঠিক হিসাব সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন ও নিয়ম মেনে সার সংরক্ষণ করা প্রয়োজন।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের সার কেনাবেচায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সার বিপণনে অনিয়ম প্রতিরোধে প্রশাসন ও কৃষি বিভাগের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে সার বিক্রেতাদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনায় সচেতন করার পাশাপাশি কৃষকদের হয়রানি ও অনিয়মের ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।