একরাম হত্যা মামলা: হাসিনাসহ ১১ আসামির শুনানি পেছাল

রিয়াজ উদ্দিন, কক্সবাজার

প্রকাশ: ১১:৪১, ২৮ অক্টোবর ২০২৬

একরাম হত্যা মামলা: হাসিনাসহ ১১ আসামির শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২৯ নভেম্বর শুনানির নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এদিন অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান অসুস্থ এবং অপর আইনজীবী তবারক হোসেন চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় শুনানি পেছানোর আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষ আগামী ডিসেম্বর পর্যন্ত সময় চায়।

শুনানিতে সময় আবেদনের বিরোধিতা করেন প্রসিকিউটর মোহাম্মদ অলি মিয়া। তিনি বলেন, আসামিপক্ষ ইতোমধ্যে একাধিকবার সময় নিয়েছে। তাই নতুন করে সময় দেওয়া যৌক্তিক নয়।

উভয়পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন