মির্জাপুরে ৩০০ বস্তা সারভর্তি ট্রাক পুকুরে, ক্ষতি ৪ লাখ টাকা

আব্দুল কাদের, মির্জাপুর (টাঙ্গাইল)

প্রকাশ: ১৯:০৪, ৩০ অক্টোবর ২০২৬

মির্জাপুরে ৩০০ বস্তা সারভর্তি ট্রাক পুকুরে, ক্ষতি ৪ লাখ টাকা

টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ বস্তা সারভর্তি একটি ট্রাক রাস্তার পাশের পুকুরে উল্টে পড়েছে। এতে ট্রাকে থাকা সব সার পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় সার ডিলারের প্রায় ৪ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল থেকে ৩০০ বস্তা সার নিয়ে মির্জাপুরের উদ্দেশে রওনা হয় ট্রাকটি। শুক্রবার সকালে ট্রাকটি ভাওড়া খানপাড়া এলাকায় পৌঁছালে সড়কের ঢালু অংশে একটি চাকা আটকে যায়। একপর্যায়ে ওই স্থানের মাটি ধসে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে।

ভাওড়া ইউনিয়নের সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স আমজাদ এন্ড সন্সের স্বত্বাধিকারী মো. আমজাদ হোসেন বলেন, ঘোড়াশাল থেকে আনা ৩০০ বস্তা সার দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সরকারি বাজারমূল্য অনুযায়ী এতে প্রায় ৪ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। নষ্ট হওয়া সারগুলো ওই ইউনিয়নের তিনটি সাব-ডিলারের কাছে সরবরাহ করার কথা ছিল।

তিনি আরও বলেন, সরকারি বরাদ্দের সারগুলো আকস্মিক দুর্ঘটনায় নষ্ট হয়েছে। একজন বৈধ ডিলার হিসেবে এ ক্ষতি সামাল দেওয়া তাঁর জন্য কঠিন। তাই ক্ষতিগ্রস্ত সারের মূল্য মওকুফ অথবা যথাযথ ক্ষতিপূরণ দিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দাবি জানান তিনি।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ডিলার আমজাদ হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, ঘটনার খবর পেয়ে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ডিলার সরকারি কোনো সহযোগিতা পাবেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ওই ইউনিয়নে সার সংকট দেখা দিলে কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রাকটি ঘটনাস্থল থেকে উদ্ধারের কাজ চলছে। উদ্ধারের পর ট্রাকটি থানা হেফাজতে রাখা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন