কৈমারী বাজারে চুরি-ছিনতাই ও মাদক প্রতিরোধে ওসির মতবিনিময় সভা

মোঃ রাজু মিয়া সোহাগ, (নীলফামারী)

প্রকাশ: ১৯:৫০, ৩০ অক্টোবর ২০২৬

কৈমারী বাজারে চুরি-ছিনতাই ও মাদক প্রতিরোধে ওসির মতবিনিময় সভা

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাজার কমিটি ও সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৭টায় কৈমারী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কৈমারী বাজার কমিটির সভাপতি মো. রশিদুল হক, মামুনুর রশিদ মান্দু, কহিনুজ্জামান লিটন, মাহমুদ আলম দুদুসহ বাজার কমিটির নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ী ও বাজারের পাহারাদাররা উপস্থিত ছিলেন।

সভায় ওসি নাজমুল আলম ব্যবসায়ীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি বলেন, বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ী, বাজার কমিটি ও পাহারাদারদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে শীত মৌসুমে কুয়াশার কারণে চুরি ও অপরাধের ঝুঁকি বেড়ে যায়। এ সময় গরু-ছাগল চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মোবাইল ফোনে আর্থিক লেনদেনের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে। মোটরসাইকেল চুরি রোধে অতিরিক্ত লক ব্যবহার এবং প্রতিটি দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাজারের পাহারাদারদের আরও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

মাদক ও চোরাচালান প্রতিরোধের বিষয়েও বক্তব্য দেন ওসি। এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি কোনো সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

সভায় বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন